প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক ঃ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নগরবাসীর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বরিশালে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বরিশাল মহানগরের হাতেম আলী চৌমাথা এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে সরকারি হাতেম আলী কলেজ ক্যাম্পাসসহ আশপাশের বিভিন্ন সড়ক, ড্রেন ও জনবসতিপূর্ণ এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে ডেঙ্গু জ্বরের ভয়াবহতা, এডিস মশার বংশবিস্তার রোধ এবং মশার প্রজননস্থল ধ্বংসে করণীয় বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক পথসভা করা হয়।
এ সময় বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, “ঘন ঘন বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে পানি জমে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। জনগণের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে নিজস্ব উদ্যোগে ও দলের সহযোগিতায় মশক নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। পর্যায়ক্রমে পুরো বরিশাল নগরজুড়ে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা করছি।”
তিনি আরও বলেন, “মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না রেখে প্রতিটি জনবসতিতে পরিচালনা করা প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশজুড়ে বিএনপির নেতাকর্মীরা জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় বরিশালেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে বরিশাল জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি বিডি ক্লিন বরিশালের স্বেচ্ছাসেবকরাও পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর উদ্যোগে পরিচালিত এ কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।