প্রকাশিত: জুলাই ৭, ২০২৬
জেলা প্রতিনিধি ঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে আহত উত্তরা ব্যাংকের কর্মকর্তা আরিফুল ইসলাম (৪৫) মারা গেছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহত ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত
নিহত আরিফুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু গ্রামের পূর্বপাড়ার মো. নিজাম উদ্দিনের ছেলে। তিনি কসবায় উত্তরা ব্যাংকের গোপীনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে, সোমবার (৬ জুলাই) রাতে কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পর স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
অভিযোগ উঠেছে, গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের মো. আলী হোসেন (৪৮) নামে এক ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম ও অভিযুক্ত আলী হোসেন গোপীনাথপুরে একই বাড়িতে বসবাস করতেন। এছাড়া অভিযুক্ত আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে ৭-৮ লাখ টাকা ঋণ (লোন) নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ কিংবা ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতাল ও ঘটনাস্থলে ছুটে যায়। সোমবার রাত থেকেই পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। পূর্ব বিরোধ ও আলী হোসেনের উত্তরা ব্যাংক থেকে ৭-৮ লাখ টাকা ঋণ নেয়ার বিষয়টি সামনে রেখে তদন্ত কাজ চলছে। পলাতক ওই ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’