প্রকাশিত: মে ১, ২০২৬
বিশেষ প্রতিবেদক ঃ

রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে এসএসসি পরীক্ষার্থী এক তরুণীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার লামীন ইসলাম
রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে ছিনিয়ে নেওয়া দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ৯ দিন পর গাজীপুরের পুবাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত অভিযোগে অপহরণের হোতা লামীন ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া উলুখোলা এলাকার বাসিন্দা।
উত্তরা পূর্ব থানার পুলিশ জানায়, গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে দুপুরে মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন বাবা। একপর্যায়ে লামীন ইসলামসহ সাত-আটজন দুর্বৃত্ত উত্তরা ৬ নম্বর সেক্টর থেকে বাবার কাছ থেকে তাঁর মেয়েকে ছিনিয়ে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। ওই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ভুক্তভোগীর বাবা মামলায় উল্লেখ করেন, পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসার উদ্দেশে রওনা হন। উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে পৌঁছালে লামীন ইসলামসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন জোর করে তাঁর মেয়েকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বলেন, থানায় মামলা হওয়ার পর শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করে।
গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণের হোতা লামীন ইসলামের অবস্থান শনাক্ত করা হয়। শুক্রবার দুপুরে গাজীপুরের পুবাইলের পদহারা বাইত এলাকা থেকে শিক্ষার্থীকে উদ্ধার এবং অপহরণের হোতা লামীনকে গ্রেপ্তার করা হয়। অপহরণের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।