২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:২৯

সাংবাদিকদের ওপর হামলায় বিএফইউজে-ডিইউজের নিন্দা

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি ঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতিসহ সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।

সংগঠন দুটির নেতারা অবিলম্বে এ হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

শুক্রবার (২৪ এপ্রিল) বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে বলেন- ঢাবি সাংবাদিক সমিতির নেতাসহ সদস্যদের ওপর গত দুদিনে যে ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে তা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা কিছুই নয়। সাংবাদিক সমাজ বিগত ১৭ বছর মুক্ত স্বাধীন সাংবাদিকতার জন্য যে আন্দোলন সংগ্রাম করছে তার ঘা শুকাতে না শুকাতে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কারণ ছাত্র-জনতার পাশাপাশি বহু সাংবাদিকের প্রাণের বিনিময়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে। কাজেই স্বাধীন সাংবাদিকতাবিরোধী যেকোনো অপতৎপরতা বরদাশত করা হবে না। আমরা বিশ্বাস করি, বহু মতপথের গণতান্ত্রিক ব্যবস্থা টিকে রাখার জন্য স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যম অপরিহার্য। যারা এ সত্য উপলব্ধি করতে ব্যর্থ হবে তারাই স্বাধীন সাংবাদিকতাবিরোধী এবং গণতন্ত্রের দুশমন হিসেবে চিহ্নিত হবে।

বিএফইউজে ও ডিইউজের পক্ষ থেকে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি; অন্যথায় অতীতের মতো সাংবাদিক সমাজ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

 

  • শেয়ার করুন