৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:৩৬

আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি ঃ

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের কারাবন্দী থাকা প্রসঙ্গে দুঃখ প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

সোমবার (৩ মার্চ) বিকেলে মিঠামইন অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি দলীয় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জাহাঙ্গীরের রাজনৈতিক অবদানের কথা স্মরণ করিয়ে দেন।

সভায় সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, ‘আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে। গত ২০ বছর ধরে যারা জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের মধ্যে জাহিদুল আলম জাহাঙ্গীর একজন। বাবার মৃত্যু ও মায়ের কবরকে কেন্দ্র করে সমস্ত জমিজমা বিসর্জন দিয়ে প্রতি মুহূর্তে মৃত্যুর ঝুঁকি নিয়ে সে লড়াই করেছে।’

উল্লেখ্য, মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদী ভাঙন রোধে রোপণ করা ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে গত ২৪ ফেব্রুয়ারি উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই দিনই কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। একই সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ সকল দলীয় পদ স্থগিত করা হয়।

দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, ‘নিশ্চিত সে একটা ভুল করেছে, তা না হলে দল এ ধরনের সিদ্ধান্ত নেবে কেন? ভুলের শাস্তিও হবে, আমি দলের বিপরীতে যেতে চাই না। কিন্তু জাহাঙ্গীর ফিরে আসুক এটা আমি চাই। জাহাঙ্গীর এখানে থাকলে আমি আনন্দে চিত্তে কথা বলতে পারতাম। আমি আপনাদের বলি, তার জন্য দোয়া করবেন এবং সবাই মিলে চেষ্টা করবেন সে যেন বের হয়ে আসে।’

এই ঘটনায় এলাকায় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বর্তমানে জাহিদুল আলম জাহাঙ্গীর জেলহাজতে রয়েছেন।

 

  • শেয়ার করুন