প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬
জেলা প্রতিনিধি ঃ
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাতকানিয়া পৌরসভা এলাকায় বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের ধানের শীষের ব্যানার ও ফেস্টুন টানাতে গিয়ে জামায়াতের কর্মী-সমর্থকদের হামলায় দুই বিএনপি কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়ার ৪ নাম্বার গলি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিএনপি কর্মীরা হলেন- ছমদরপাড়া এলাকার বাসিন্দা শামসুল আলম (৬১) ও একই এলাকার মো. দেলোয়ার হোসেন (৪৫)।
বিএনপি দলীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরের দিকে ওয়ার্ড বিএনপির তিন নেতাকর্মী ধানের শীষের প্রার্থীর ব্যানার ও ফেস্টুন টানাচ্ছিলেন। এ সময় সেখানে জামায়াতের কয়েকজন কর্মী সমর্থক এসে বাধা দেন। পরে জামায়াতের কর্মী সমর্থকরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেন। এতে বিএনপির দুই কর্মী আহত হয়েছেন। খবর পেয়ে দলীয় লোকজন এসে আহত বিএনপি কর্মীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মঙ্গলবার বিকালে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিন আহত বিএনপি কর্মীদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তিনি বলেন, ব্যানার ও ফেস্টুন টানানোর সময় বিএনপি কর্মীদের ওপর হামলা, শান্তিপূর্ণ নির্বাচনের অন্তরায়। জামায়াতের কর্মীরা এ হামলা করেছেন। আশা করছি, এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাইন বলেন, জামায়াতের কর্মী-সমর্থকরা এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নন। সম্ভবত তাদের দলীয় কোন্দলের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।
সাতকানিয়া থানার ওসি মনজুরুল হক বলেন, ব্যানার ও ফেস্টুন টানানোর সময় বিএনপির কর্মীদের ওপর হামলার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।