২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:৩৩

চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে ধরা পড়লেন পুলিশ সদস্য

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে চার সহযোগীসহ আটক হয়েছেন পুলিশের এক কনস্টেবল। তাঁর নাম অনিক দাশ। তিনি বান্দরবান জেলা পুলিশ লাইনে কর্মরত। বর্তমানে ছুটিতে রয়েছেন। আজ মঙ্গলবার নগরের খুলশী এলাকা থেকে তাঁদের আটক করে খুলশী থানা-পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী রাতে বলেন, বান্দরবানের এক পুলিশ কনস্টেবল ও চার সহযোগীকে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় আটক করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান । চোরাই মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় চক্রের এক সদস্যকে আটক করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কনস্টেবলসহ বাকিদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চক্রটির সঙ্গে ওই পুলিশ সদস্যের সম্পৃক্ততা রয়েছে।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, চট্টগ্রাম শহরে চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে এক পুলিশ কনস্টেবল আটক হয়েছেন। এ ঘটনায় নিয়মিত মামলা করা হচ্ছে। মামলার কাগজপত্র পাওয়ার পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

  • শেয়ার করুন