২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:৩০

শিরোনাম

নতুন রাষ্ট্রপতিকে জাতীয় পার্টির অভিনন্দন

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬

  • শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি ঃ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আনিসুল ইসলাম মাহমুদ, বি এম রুহুল আমিন হাওলাদারফাইল ছবি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি (একাংশ)। আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার তাঁকে শুভেচ্ছা জানান।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক সহনশীলতার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁরা বলেন, রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মির্জা ফখরুল দেশের সব রাজনৈতিক দল, মত ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই দেশবাসীর প্রত্যাশা।

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং রাষ্ট্রের সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে জাতীয় পার্টির নেতারা আশা প্রকাশ করেন।

বিবৃতিতে তাঁরা আরও বলেন, বর্তমান সময়ে দেশের মানুষের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির যে প্রত্যাশা তৈরি হয়েছে, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেই প্রত্যাশা পূরণে রাষ্ট্রের সর্বস্তরে সমন্বয় ও ঐক্যের পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবেন বলে তাঁরা বিশ্বাস করেন।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে তাঁর দায়িত্বকালে বাংলাদেশ শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

 

 

  • শেয়ার করুন