প্রকাশিত: মে ২, ২০২৬
মাহফুজ জাহিদ :

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের শিক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।এসব ষড়যন্ত্র নস্যাৎ করে আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যাবে আমাদের শিক্ষার্থীরা।ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে নারায়ণগঞ্জ বন্দর উপজেলা অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আজমল হোসেনের তত্বাবধানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম।এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও শিবানী সরকার বন্দরের একাধিক প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন সংস্কার ও মানসম্পন্ন শিক্ষার পরিবেশ তৈরি করার জন্য অনুরোধ জানান।
সচিব সাখাওয়াত হোসেন বলেন, এদেশে কেউ উদ্যোক্তা হতে চায় না, সবাই চাকরিজীবি হতে চায়।এই ট্রেডিশনাল মনোভাব পরিবর্তন করতে হবে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীদেরকেও আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সরকার শিক্ষা ব্যাবস্থা আধুনিকায়ন করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।যার বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে।প্রাথমিক শিক্ষায় নারায়ণগঞ্জ দেশের অন্যতম মডেল জেলা হিসেবে গড়ে ওঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।