২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ২:০২

জমির নামজারিতে আমার কাছ থেকেও ঘুষ নিয়েছে: এমপি জাহান্দার আলী

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬

  • শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি ঃ

বক্তব্য রাখছেন মাদারীপুর আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

মাদারীপুর আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, জমির নামজারি করতে আমার কাছ থেকেও একসময়ে ২৫ হাজার টাকা ঘুষ নিয়েছে। এমন পরিস্থিতি যেন আর তৈরি না হয়। তিনদিনের মধ্যে মিউটেশন দিতে হবে, সেই নির্দেশনা ভূমি অফিসের কর্মকর্তাদের দেওয়া হয়েছে। কোনো অর্থের বিনিময়ে এমন কাজ কেউ করলে, তার ঠিকানা হবে জেলখানা, না হয় পানির মধ্যে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া আরও বলেন, শেখ হাসিনা সরকারের মতো যেন বিএনপির কোনো নেতাকর্মী স্বৈরাচার না হয়; সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। দলের নাম ভাঙিয়ে কেউ যেন চাঁদাবাজি-টেন্ডারবাজি না করতে পারে। পাশাপাশি কিশোর গ্যাং লালন-পালন করা যাবে না। কেউ জমিদখল করার চেষ্টা করলে, তার মাদারীপুরে জায়গা হবে না।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য আরও বলেন, বিগত দিনে জনগণের কাছ থেকে ভোট ভিক্ষা চেয়ে আপনাদের সঙ্গে প্রতারণা করেছে সাবেক এমপি। এর প্রমাণ বিভিন্ন এলাকার সড়ক, রাস্তাঘাট ও খাল উন্নয়ন না হওয়া। খাল ও নদীতে পর্যাপ্ত পানি থাকলেও আমরা সবাই গভীর নলকূপ ব্যবহার করি। কোনো এক সময় এই নলকূপের কারণে খালে কিংবা নদীতে পানি থাকবে না। এমন পরিস্থিতি যেন না তৈরি হয়, এজন্য সারাদেশেই বিএনপি সরকার খাল খনন কর্মসূচির উদ্বোধন শুরু করেছে।

পেয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শওকত ওসমানের সভাপতিত্বে ও নুরুজ্জামান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর আদালতের জিপি অ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতী, আড়িয়াল খাঁ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সোহেল আহমেদ বাদলসহ অনেকেই।

 

  • শেয়ার করুন