১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১:৩৯

৪৮ বছর বয়সেই রাসিক প্রশাসকের দায়িত্বে রিটন

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিবেদক ঃ

রাজশাহী সিটি করপোরেশনের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

স্থানীয় সরকার বিভাগ রাজশাহীসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকালে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) মাহফুজুর রহমান রিটন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। অনেক সিনিয়র নেতাদের ডিঙিয়ে মাত্র ৪৮ বছর বয়সেই প্রশাসকের দায়িত্ব পেলেন তিনি।

১৯৯৫-৯৬ সেশনে রাজশাহী সরকারি সিটি কলেজে মানবিক বিভাগের ক্লাশ কমিটির সভাপতি হিসেবে মাহফুজুর রহমান রিটনের রাজনৈতিক ক্যারিয়ার শুরু। পরবর্তীতে সিটি কলেজ ছাত্র সংসদের ক্রীড়া এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি ২০০২-২০১২ সাল পর্যন্ত রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং মহানগর ছাত্রদলের সভাপতি ছিলেন ২০১৬ সাল পর্যন্ত।

এছাড়াও তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

 

 

রিটন ২০১৬ সালে রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব লাভ করেন। ২০১৭ সালে তিনি মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হন। ছিলেন ২০২৩ সাল পর্যন্ত। এরপর তিনি রাজশাহী মহানগর যুবদলের সভাপতির দায়িত্ব পান। এ সময় তিনি কেন্দ্রের সহ-সভাপতিরও দায়িত্ব পালন করেন। ২০২৫ সালে মহানগর যুবদলের সভাপতি থাকাকালেই রিটন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হন।

রিটন ১৯৭৮ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে রাজশাহী মহানগরীর হেতমখাঁ এলাকায় বসবাস করেন। তার শিক্ষাগত যোগ্যতা এলএলবি অনার্স। দীর্ঘ আড়াই যুগেরও বেশি সময় তিনি রাজশাহীতে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। কারাবরণ করেছেন তিনবার।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করে সরকার। এরপর থেকেই রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ পেতে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুদ, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, আবুল কালাম আজাদ সুইট এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন দৌড়ঝাঁপ শুরু করেন।

তবে সবাইকে পেছনে ফেলে সর্বকনিষ্ঠ রাজনীতিক হিসেবে রিটন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ পেলেন।

 

  • শেয়ার করুন