প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬
কুমিল্লা ব্যুরো :
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, নতুন প্রজন্মকে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হবে। এ লক্ষ্যে প্রত্যেক এলাকায় খেলার উপযোগী মাঠ তৈরি করা হবে। কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে ‘একেএম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের’ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একেএম আবু তাহের ফাউন্ডেশন আয়োজিত ১৯ দলের এ টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার আদর্শ সদর উপজেলা দল। ফাইনাল ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন আদর্শ সদর দলের রবিউল ইসলাম সবুজ এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চান্দিনা দলের মেহেদী।
প্রধান অতিথির বক্তব্যে গণপূর্তমন্ত্রী আরও বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া কুমিল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, মো. জসিম উদ্দিন ও আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি এবং উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম প্রমুখ। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।