প্রকাশিত: মে ১৮, ২০২৬
মোঃ ওবাইদুল হক : বাঘারপাড়া উপজেলার রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কনসার্টে গান শুনতে গিয়ে ৬ জন আহত হয়েছেন। একটি মেয়েকে উত্যক্ত করাকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগের জের ধরে গত শনিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, বাঘারপাড়া রায়পুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের জসিম উদ্দিনের পুত্র মো. জাবির হোসেন (২১), টিটো মন্ডলের পুত্র, নিরব হোসেন (১৫), মনিরুল ইসলামের পুত্র জুবায়ের (১৭), সাইমুল ইসলামের পুত্র হযরত আলী (১৭), বিপুল মন্ডলের পুত্র তামিম হোসেন (১৩) এবং হিঙ্গারপাড়া গ্রামের আশরাফুল ইসলামের পুত্র হুজাইফা (১৭)।আহত মো. জাবির হোসেন জানান, গত শনিবার রাতে অপটিলাক্স বিডি কোম্পানির সৌজন্যে রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কনসার্টের আয়োজন করা হয়। রাত সাড়ে ১০টার দিকে তারা সেখানে গান শুনতে গিয়ে নাচানাচি করছিলেন। এ সময় একটি মেয়েকে উত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে নলডাঙ্গা গ্রামের নাইম ও মিরাজের সাথে কথা-কাটাকাটি হয়।পরবর্তীতে বাড়ি ফেরার পথে রায়পুর বাজারে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় রায়পুর বাজারের শাহিন (৪০), মিরাজ (১৮) ও নাঈম (২৮) সহ আরও কয়েকজন অংশ নেন এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে ছুরিকাঘাতে হযরত আলী, জুবায়ের ও নিরব গুরুতর আহত হন। বাকিরা লাঠির আঘাতে আহত হন।ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গভীর রাতে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।