১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১০:০৭

অজ্ঞান করে ভুট্টাখেতে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

প্রকাশিত: মে ১৭, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধি ঃ

 

ফরিদপুর সদর উপজেলায় মুখে বিষাক্ত রাসায়নিক দিয়ে অজ্ঞান করে ভুট্টাখেতে নিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জিহাদ খান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে মাদারীপুরের শিবচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার জিহাদ (২৮) উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামের হাশেম খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ মে) দুপুরে স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে শহরের বিলমামুদপুর এলাকায় আসামি জিহাদ শিশুর মুখে বিষাক্ত রাসায়নিক দিয়ে অজ্ঞান করে তাকে পাশের একটি ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করে। এরপর আজানের শব্দে তার জ্ঞান ফিরলে দেখতে পায় আসামি জিহাদ পাশে অবস্থান করছে। এরপর সে বিষয়গুলো সবাইকে বলে দেবে- এ কথা বললে তাকে খুন করে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। পরে শিশুটি পার্শ্ববর্তী এক বাড়িতে গিয়ে বিষয়টি খুলে বলে।

বিষয়টি জানাজানি হলে তার মা ওই দিনই বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মেয়েটি বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই হাসান শিকদার জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর থেকেই পুলিশ আসামিকে ধরতে দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। ঘটনার তিন দিনের মধ্যে আসামিকে মাদারীপুরের শিবচর এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামিকে রোববার আদালতে পাঠানো হয়েছে।

  • শেয়ার করুন