প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬
জেলা প্রতিনিধি ঃ

গাইবান্ধার সাঘাটায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ওয়ার্ড বিএনপির এক সভাপতিসহ দুই বালু ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। শুক্রবার সাঘাটা ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় বালু পরিবহনের সময় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত জুয়েল আমিন সাথালিয়া গ্রামের জহরলালের ছেলে এবং সাঘাটা ইউনিয়নের সাথালিয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। অপরজন সবুজ মিয়া কচুয়াহাট গ্রামের মৃত কদ্দুস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুয়েল আমিন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। অনেক অভিযোগ দিয়েও তাদের বালু উত্তোলন থামানো যায়নি। অবশেষে গত ৮ এপ্রিল সাঘাটা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মজিবর রহমান অবৈধভাবে বালু উত্তোলনকারী অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সাঘাটা থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এসিল্যান্ডের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ জানান, গ্রেপ্তার জুয়েল আমিনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারাদেশের বিষয়টি প্রক্রিয়াধীন। তিনি কচুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।