২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:১৪

ম্যাজিস্ট্রেট চলে যেতেই রাস্তার দুই পাশ হকারদের দখলে

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি ঃ

রাজধানীর জুরাইন এলাকার প্রধান সড়ক থেকে অবৈধ হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এই অভিযানে কয়েকশ অবৈধ দোকান সরিয়ে দেওয়ার পাশাপাশি জরিমানা ও স্থাপনা জব্দ করা হয়।

তবে অভিযান শেষে ম্যাজিস্ট্রেট এলাকা ত্যাগ করার পরপরই হকাররা পুনরায় রাস্তার দুই পাশ দখলে নিয়ে দোকান বসিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের নেতৃত্বে জুরাইন রেলগেট ও বিক্রমপুর প্লাজা সংলগ্ন প্রধান সড়কে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় রাস্তার ওপর থাকা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং ১২টি মামলায় মোট ১৭ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়। জনদুর্ভোগ কমাতে এবং রমজান মাসে যানজট নিরসনে ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট।

দীর্ঘদিন ধরে জুরাইন এলাকার এই গুরুত্বপূর্ণ সড়কের উভয় পাশ হকারদের দখলে থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, কিছু অসাধু ব্যক্তিকে নিয়মিত চাঁদা দিয়ে হকাররা রাস্তার ওপর ব্যবসা পরিচালনা করেন। এর আগেও অসংখ্যবার উচ্ছেদ অভিযান চালানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। পথচারীদের অভিযোগ, উচ্ছেদ অভিযানের কিছুক্ষণ পর পরিস্থিতি আগের মতোই হয়ে যায়, যা তাদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি করে।

উচ্ছেদ হওয়া হকারদের পক্ষ থেকে জীবন-জীবিকার সংকটের কথা জানানো হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে হকার মহব্বত জানান, দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করেই তাদের পরিবার চলে। পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করায় তারা অনিশ্চয়তার মুখে পড়েছেন। তবে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রাস্তার ওপর অবৈধ দোকানপাট স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

 

  • শেয়ার করুন