২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৪:৫৩

আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬

  • শেয়ার করুন

গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার ওপর যেকোনো আঘাত গণতান্ত্রিক চেতনার পরিপন্থী

জেলা প্রতিবেদক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান কর্তৃক জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের সভাপতি, সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ এবং সেক্রেটারি মাওলানা মোঃ জসিম উদ্দিন।

১ নভেম্বর পাঠানো এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে তাঁরা বলেন, আমার দেশ যখনই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করেছে এবং ফ্যাসিবাদী শাসনের অন্যায়-অবিচার ও অনিয়মের বিরুদ্ধে কলম ধরেছে, তখনই পত্রিকাটি বিভিন্নভাবে বাধা ও আক্রমণের শিকার হয়েছে। একটি জাতীয় দৈনিক পত্রিকা ছিঁড়ে ফেলার মতো ঘটনা শুধু একটি গণমাধ্যমের প্রতি অসম্মান নয়, বরং মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতিও অবমাননাকর।

তাঁরা আরও বলেন, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনামলে দৈনিক আমার দেশ-এর প্রকাশনা ও ছাপাখানা বন্ধ করে দেওয়া হয়েছিল। পত্রিকাটির সম্পাদক, সর্বজন শ্রদ্ধেয় ও অকুতোভয় সাংবাদিক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছিল। দুঃখজনকভাবে, তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় হয়রানি ও ষড়যন্ত্রের অভিযোগ এখনো জনমনে উদ্বেগ সৃষ্টি করছে।

বিবৃতিতে তাঁরা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত প্রকাশের অধিকার সবার রয়েছে। কোনো সংবাদপত্রের সংবাদ, সম্পাদকীয় কিংবা রাজনৈতিক অবস্থানের সঙ্গে দ্বিমত থাকলে তার জবাব যুক্তি, তথ্য ও বক্তব্যের মাধ্যমে দেওয়া উচিত; কোনোভাবেই পত্রিকা ছিঁড়ে ফেলা বা গণমাধ্যমকে হেয় করা গ্রহণযোগ্য হতে পারে না।

নেতৃবৃন্দ সংশ্লিষ্ট ঘটনার যথাযথ ব্যাখ্যা দাবি করে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং মতপ্রকাশের অধিকার রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট সকল মহলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অতীতের মতো যেন গণমাধ্যমের কণ্ঠরোধের সংস্কৃতি আর ফিরে না আসে।

পরিশেষে তাঁরা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের সাহসী কণ্ঠকে সম্মান জানানো গণতান্ত্রিক সমাজের অন্যতম শর্ত। আমার দেশ পত্রিকার প্রতি অসম্মানজনক আচরণের পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তাঁরা।

 

  • শেয়ার করুন