১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:১৯

তোমার আমার মাঝে যা হবে, কেউ জানতে পারবে না’

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬

  • শেয়ার করুন

বিশেষ বার্তাবাহক ঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শারীরিক শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর মো. শাহ ফাসিউল্লাহ অপুর বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়ে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এমনকি অপু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে এবং ফোন করেও তাদেরকে বিরক্ত করতেন বলে অভিযোগ করেন বিভিন্ন বর্ষের একাধিক নারী শিক্ষার্থী।

অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগারে যাতায়াতের সময় অভিযুক্ত কর্মকর্তা বিভিন্নভাবে তাদের মোবাইল নম্বর সংগ্রহ করতেন। পরে রাতের বেলা মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে বন্ধুত্ব করার চেষ্টা করতেন এবং কথা বলার জন্য অনুরোধ জানাতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী শিক্ষার্থী জানান, মানসিক চাপ কমানো ও শারীরিকভাবে সুস্থ থাকার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগারে যেতেন তারা। সেখান থেকেই তাদের নম্বর সংগ্রহ করে জোরপূর্বক বন্ধুত্ব করতে চাইতেন তিনি। এমনকি মেসেজের উত্তর না দিলে বারবার ফোন করে বিরক্ত করতেন। এতে তারা মানসিক চাপ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীদের সরবরাহ করা ডিজিটাল প্রমাণ ও স্ক্রিনশটে দেখা যায়, অভিযুক্ত কর্মকর্তা বিভিন্ন সময়ে লিখেছেন ‘প্লিজ, একটু কথা বলো না’, ‘প্লিজ উত্তর দাও’, ‘উত্তর দাও না কেন’- ইত্যাদি বলে বারবার উত্ত্যক্ত করার চেষ্টা করতেন। উত্তর না পেয়ে ফোন দিয়েও বিরক্ত করতেন।

এমনকি একটি বার্তায় তিনি প্রস্তাব দেন, ‘চল আমরা বন্ধু হই। আমার দ্বারা তোমার ও তোমার পরিবারের উপকার ছাড়া কিছু হবে না। তুমি আমার সঙ্গে নির্দ্বিধায় কথা শেয়ার করতে পার। তোমার আর আমার মাঝে যা হবে, তা অন্য কেউ জানতে পারবে না। বিশ্বাস করো।’

এ বিষয়ে মো. শাহ ফাসিউল্লাহ অপু বলেন, আমি মানসিকভাবে অসুস্থ। হ্যাকাররা আমার ডিজিটাল মাধ্যমগুলো হ্যাক করে এসব বার্তা অন্যদের পাঠিয়েছে। আমি কখনও এসব বার্তা পাঠাইনি। এগুলো পুরোনো বার্তা।

তবে আইডি হ্যাক হওয়ার ঘটনায় তিনি থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কি না, সেই বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে কোনও তদন্ত কমিটি গঠন করা হবে কি না এবং অভিযোগ প্রমাণিত হলে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেতাকে পাওয়া যায়নি।

 

 

  • শেয়ার করুন