প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬
মাহফুজ জাহিদ :

নারায়ণগঞ্জ -৫ (সদর-বন্দর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এড.আবুল কালাম বলেছেন,সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে কোন রকম অন্যায় অনিয়ম ও অসঙ্গতি বরদাস্ত করা হবে না।একইসাথে দলের নাম ভাঙিয়ে যদি কেউ কোনরূপ অপরাধ করে বা নেতিবাচক প্রভাব বিস্তারের চেষ্টা করে তাকে আইনের কাছে সোপর্দ করার পাশাপাশি দৃষ্টান্ত মুলক শাস্তির আওতায় আনা হবে।কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, ভবিষ্যতেও অন্যায় অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে বন্দর উপজেলা প্রশাসন আয়োজিত আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভুমি) রহিমা আক্তার ইতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.রাজিউর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাওসার আশা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, হিসাব রক্ষণ কর্মকর্তা শামীমা সুলতানা,মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার,নির্বাচন অফিসার শেখ ফরিদ, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ,থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, গ্রাম্য আদালতের সমন্বয়ক সীমা আক্তার সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ।সভার শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম উপস্থিত সকলের সঙ্গে পরিচয় ও কুশল বিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে এড.আবুল কালাম সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।তিনি প্রতিটি দপ্তরকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্বাধীনভাবে কার্যক্রম বাস্তবায়নের নিশ্চয়তার কথা বলেন।